পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ মে) : দেশের পুলিশ বাহিনীতে আগের তুলনায় শৃঙ্খলা ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার পুলিশকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর খিলক্ষেতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, করোনা মহামারি এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের সময় নতুন পরিকল্পনা ও ভিন্ন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশকে আরও পেশাদার, সুশৃঙ্খল ও জনমুখী বাহিনীতে পরিণত করতে সরকার নির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের পোশাক ও বাহিনীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলী হোসেন ফকির বলেন, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। পুলিশের বিভিন্ন প্রয়োজন ও কল্যাণমূলক বিষয়েও সরকার ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। অতীতে প্রশাসনিক জটিলতায় যেসব সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগত, এখন সেসব প্রক্রিয়ায় গতি এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
আবাসন সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, বর্তমানে দেশে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকলেও আবাসন সুবিধা রয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। ফলে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। নতুন নিয়োগ ও অবসরের বিষয় বিবেচনায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আগামী অর্থবছরে এ খাতে আরও সহায়তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মনোয়ারুল হক/
