স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের লক্ষ্যে সংসদে প্রস্তাব দিলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ এপ্রিল) : দেশের স্বার্থবিরোধী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিলের লক্ষ্যে বিষয়টি সংসদে আলোচনার জন্য উত্থাপনের প্রস্তাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তা গ্রহণ না করে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। এতে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয় উল্লেখ করা হয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেশি হলেও আমদানি তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই এমপির দাবি, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক আগে একটি অন্তর্বর্তীকালীন সরকার এ চুক্তি স্বাক্ষর করে, যা নিয়ে সুশীল সমাজ ও নীতিনির্ধারকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। তাদের মতে, নির্বাচিত সরকার ছাড়া এমন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল না এবং এতে দেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারে এবং বিষয়টি সংসদে এনে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।
এ সময় স্পিকার বলেন, পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান কার্যসূচি বা শৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হতে হয়। নতুন কোনো বিষয় উত্থাপন করতে হলে নির্ধারিত নিয়মে নোটিশ দিতে হবে। ফলে প্রস্তাবটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা সম্ভব নয় বলে তিনি জানান।
মনোয়ারুল হক/
