‘ফিফা শান্তি পুরস্কারে ট্রাম্পের চেয়ে যোগ্য পৃথিবীতে আর কেউ নেই’

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ এপ্রিল) : অবশেষে সমালোচকদের জবাব দিয়েছে হোয়াইট হাউস। বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার চেয়ে বেশি যোগ্য পৃথিবীতে আর কেউ নেই।

গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা ট্রাম্পকে প্রথমবারের মতো এই পুরস্কার দেয় ‘বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার’ জন্য, যা বিশ্বকাপের আগে মানবাধিকার সংগঠন ও কর্মীদের তীব্র সমালোচনার জন্ম দেয়।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ফুটবলার জ্যাকসন আরভিন বলেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া ফিফার মানবাধিকার নীতিকে উপহাসে পরিণত করেছে। অন্যদিকে নরওয়ের ফুটবল ফেডারেশন বলেছে, ফিফার এই পুরস্কার বাতিল করা উচিত।

হোয়াইট হাউস জবাবে জানায়, ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ পররাষ্ট্রনীতি এক বছরেরও কম সময়ে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইনগ্লে এক বিবৃতিতে বলেন, “ফিফার প্রথম শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য পৃথিবীতে আর কেউ নেই। যারা ভিন্নভাবে ভাবেন, তারা স্পষ্টতই ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ ভুগছেন।”

বিশ্বকাপের ড্র হওয়ার এক মাস পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করে। ট্রাম্প প্রায়ই আন্তর্জাতিক সংঘাত সমাধানে নিজের সাফল্যের কথা উল্লেখ করেন এবং বহুবার বলেছেন, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ