দেশে ভূমি দখল-চাঁদাবাজি কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ এপ্রিল) : সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ফলে দেশে ভূমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ভূমি দখল-চাঁদাবাজি ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রশ্নোত্তরে মো. মুজিবুর রহমান তার নির্বাচনি এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর এবং উন্নয়নের পথে বড় বাধা। তাই বর্তমান সরকার এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ‘অতীতে দীর্ঘ সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠী ভূমি দখল, বালু ও জলমহাল দখল, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তবে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির ফলে এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে, যার ফলে অপরাধের মাত্রা কমেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজশাহী-১ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং এর ইতিবাচক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়
তিনি জোর দিয়ে বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকার কঠোরভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’
মনোয়ারুল হক/
