প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ এপ্রিল) : আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে রোববার (২৬ এপ্রিল) ট্রাইব্যুনালে থেকে কারাগারে নেওয়ার পথে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পলকের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মনোয়ারুল হক/
