সেবায় নিয়োজিত বাহিনীর জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ এপ্রিল) : জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের ওপর আরোপিত সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি উত্থাপিত হয়। এ সময় জ্বালানি তেলের সংকট ও রেশনিংকে টহল কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী- যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব বিভাগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে সেবামূলক কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

এর আগে, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে রাতে পুলিশের টহল কমে গেছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘সরকারের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো সক্রিয় থাকবে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ