বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (যশোর), এবিসিনিউজবিডি, (২৪ এপ্রিল) : বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। আজ দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে মাসদার হোসেন মামলার উদাহরণ দেওয়া হয়। তবে মাসদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়ে তুলতে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।’
তিনি আরও বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কিন্তু বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
মনোয়ারুল হক/
