যুদ্ধ বা যুদ্ধবিরতি, একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরানের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ এপ্রিল) : যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধ বা যুদ্ধবিরতির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।
বিবিসির টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেছে নিতে হবে তারা যুদ্ধ চায়, নাকি শান্তি।’
তিনি বলেন, ‘তারা একই সঙ্গে দুটো জিনিস পেতে পারে না। এটা তো স্পষ্ট যে এগুলো (যুদ্ধ আর শান্তি) একে অপরের সম্পূর্ণ বিপরীত।’
খাতিবজাদেহ বলেন, ‘লেবাননে ইসরায়েলের চলমান হামলাগুলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির একটি গুরুতর লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যের সবাইকে এ চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছে… এবং আমরা আশা করি যুক্তরাষ্ট্রও তাদের মিত্রদের ক্ষেত্রে একই আহ্বান জানাবে।’
ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনা থেকে সরে আসবে কি-না, সংবাদদাতা নিক রবিনসনের এমন প্রশ্নের জবাবে খাতিবজাদেহ বলেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যের মঙ্গলের কথা চিন্তা করছি।’ সূত্র: বিবিসি
মনোয়ারুল হক/
