মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ এপ্রিল) : বিএনপি থেকে বহিষ্কৃত ও মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা দলটিকে ধন্যবাদ জানিয়েছেন। তার মতে, দলীয় মনোনয়ন না পাওয়ার ফলেই তিনি দেশের নানা প্রান্তের মানুষের ভালোবাসা ও সমর্থন উপলব্ধি করার সুযোগ পেয়েছেন।
এ ছাড়া গত ১৫ বছরে দেশ থেকে পাচার হওয়া এবং ব্যাংক খাতে খেলাপি ঋণের অর্থ উদ্ধারে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) অধিবেশনের ১০ম দিনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেছেন, দলীয় সীমার বাইরে গিয়ে নির্বাচন করায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষের সমর্থন ও দোয়া পেয়েছেন তিনি। দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করলে হয়তো সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ হতো না।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
দেশের অর্থনীতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার দেশ থেকে পাচার হয়েছে। পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা। এই বিপুল অর্থ ফেরত আনা ও খেলাপি ঋণ কমাতে না পারলে অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হবে না।
তিনি জানান, গত এক দশকে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রায় ৬৮ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই পদ্ধতিতে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন রুমিন ফারহানা।
মনোয়ারুল হক/
