সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ মার্চ) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী মানুষ তথা সব শ্রেণি-পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সবার সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে একপর্যায়ে এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়।’
তিনি বলেন, ‘হাজারো শহিদের রক্তের ওপর দিয়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়।’
মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের এবং দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’
এদিকে রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদে হট্টগোল করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর মধ্যেই রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।
মনোয়ারুল হক/
