ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী), এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : আগামী ১২ তারিখ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে ফ্যাসিস্টের রেখে যাওয়া রাষ্ট্রপতির বক্তব্য শুনতে তারা সংসদে যাচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটাও আমরা দেখতে চাই।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতের গ্রেফতারের খবর আমরা পেয়েছি। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সরকারের ফ্যামিলি কার্ড উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে ফ্যামিলি কার্ড কোনো কাজে আসবে না। তিনি ঋণখেলাপিদের দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহী-৩ আসনের এমপি ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ