গুম হওয়া পরিবারের নারীদের নিয়ে সিনেমা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ মার্চ) : বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’। ছবিটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব। সম্প্রতি এর মহরত অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে।
‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের খান চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এছাড়া মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরপ্রধান এবং গুম হওয়া পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র ব্যক্তিত্ববর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। মায়ের ডাক-এর চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুমের সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।’
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।’
এছাড়া বক্তব্য দেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি, মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ বিষয়ে নির্মাতা লাবিব বলেন, ‘গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।’
মনোয়ারুল হক/
