চাঁদাবাজি-অনিয়মে জড়ালে ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৯ মার্চ) : চাঁদাবাজি ও অনিয়মে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজারের চকরিয়ার ডাকবাংলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সুশৃঙ্খল রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের নির্বাচনি এলাকায় এসে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের পরপরই আপনাদের সঙ্গে দেখা না করে দলের চেয়ারম্যানের ডাকে গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় যেতে হয়েছিল। তবে আমি আপনাদেরই পরীক্ষিত সন্তান। সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। দেখা ও সাক্ষাতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ করা। দেখা-সাক্ষাৎ সব সময়ই হবে। আমি সব সময় এখানে থাকতে পারব না, কিন্তু যখনই সময় পাব, আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসব।’
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কেউ কোনো ধরনের অন্যায় কাজ করবেন না। সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। কোনো বিশৃঙ্খলা বা চাঁদাবাজির অভিযোগ যেন না আসে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে এমন একটি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ বলতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মানুষ শান্তিতে আছে। মানুষ উন্নয়ন পাবে, শৃঙ্খলা পাবে; অশান্তি নয়। তাই আপনারা জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আপনারা পরামর্শ দেবেন, আমি কাজ করব এবং তা বাস্তবায়ন করব।’
নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে চকরিয়া-পেকুয়া থানা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, জামিল ইব্রাহীম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনোয়ারুল হক/
