লুটপাট আগে যাই হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ফেনী), এবিসিনিউজবিডি, (৮ মার্চ) : পরিবেশ খাতে লুটপাট আগে যাই হয়েছে, ভবিষ্যতে আর হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘লুটপাট যাই হয়েছে এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।’
রবিবার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে আবদুল আউয়াল মিন্টুর এটিই প্রথম সরকারি সফর।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা শহরের দূষণের মাত্রা বিশ্বে সবচেয়ে খারাপ। যেভাবেই হোক জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।’
মন্ত্রী আরও বলেন, ‘মাটি পোড়ানো ইট থেকে পরিবেশবান্ধব ইটে রূপান্তর এক-দুই বছরের মধ্যে সম্ভব নয়। এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন প্রমুখ।
মনোয়ারুল হক/
