দুবাইয়ে আটকা সুপারস্টার শাকিবের দুই নায়িকা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ মার্চ) : ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের দুই নায়িকা–শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান।
ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ছেলেসহ দুবাইয়ে আটকা পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলে ইউভানের স্কুল বন্ধ থাকায় তাঁর আবদারে সেখানে বেড়াতে গেছেন অভিনেত্রী। কিন্তু দুবাইয়ে যখন তারা পা রাখেন, তখন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল, আবার মধ্যপ্রাচ্যের বেশকিছু মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে পাল্টা জবাব দিয়েছে ইরান। জানা যায়, ছেলে ইউভানকে নিয়ে এখন নিরাপদ স্থানে রয়েছেন শুভশ্রী।
স্থানীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেন, ‘শনিবারই সেখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গেছে। আবার কাল থেকে পরিস্থিতিও আরও জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। খুবই চিন্তায় আছি আমরা। সঙ্গে ইউভান আছে যেহেতু, তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ওরা দুবাইয়ের পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই একটু আগে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ওখানে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তারা সামলাচ্ছেন ওদের, যত্ন নিচ্ছেন। কথাও হচ্ছে। দুশ্চিন্তায় রয়েছি, তবে আতঙ্কিত নই।’
স্ত্রী-সন্তান যেন নিরাপদে দেশে ফিরতে পারে– সেজন্য কোনো রকম সরকারি সহযোগিতা চেয়েছেন কিনা জানতে চাইলে রাজ বলেন, ‘এখনও কোনোরকম সরকারি সহযোগিতা চাইনি। আশা করছি, ওরা নিরাপদে বাড়ি ফিরে আসবে।’ তবে মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ভারতে ফেরার কোনো আশা দেখছেন না তিনি। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রী।
প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান– দুজনই কয়েকটি ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন। ‘নবাব’ ও ‘চালবাজ’ শিরোনামে দুই সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন শুভশ্রী। অন্যদিকে, ‘দরদ’ সিনেমায় বাংলাদেশি এই নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন সোনাল চৌহান।
মনোয়ারুল হক/
