ফ্যামিলি কার্ড ১০ মার্চ থেকে দেওয়া হবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ফেব্রুয়ারি) : আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে আড়াই হাজার টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ, বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ দেবে সরকার।
‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে মন্ত্রিসভার সভায় বৈঠক উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে প্রবেশ করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী- সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কন্টেনার টার্মিনালের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
মনোয়ারুল হক/
