মন্ত্রিসভার শপথে ভারতসহ ১৩ সরকারপ্রধানকে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ও নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন আগামী ১৭ ফেব্রুয়ারি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীন, মালদ্বীপ, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সরকারের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
ওইদিন সকালে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। এর পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
চিরাচরিত ধারা অনুযায়ী এবারও রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
সংবিধান অনুযায়ী, শপথবাক্য পাঠ করানোর কথা স্পিকার, তার মনোনীত কোনো ব্যক্তি বা ডেপুটি স্পিকারের। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় থেকেই স্পিকার নিখোঁজ। ডেপুটি স্পিকার কারাগারে। ফলে সংবিধান মেনে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তিন দিন অপেক্ষা করতে হচ্ছে।
এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।
মনোয়ারুল হক/
