কেন্দ্রে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট দেওয়াসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ডিএমপির নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম ও অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন।
নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। সেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনসামগ্রী বিতরণ করা হয়।
মনোয়ারুল হক/
