নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (রংপুর), এবিসিনিউজবিডি, (৮ ফেব্রুয়ারি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আপনারা সহযোগিতা করবেন। যে জায়গায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেখানে সেটি নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হবে।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম বলেন, ‘রংপুর এলাকার লোকজনকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরও ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘রংপুর এলাকার জনগণ অন্য এলাকাগুলোর জনগণের চেয়ে একটু বেশি নিরীহ ও শান্তিপ্রিয়। এখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সীমান্ত এলাকাগুলোতে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন ৮ কিলোমিটারের ভেতরে সাধারণত সেনাবাহিনী যায় না। যদি প্রয়োজন পড়ে সেনাবাহিনী সেখানে যাবে।’
মনোয়ারুল হক/
