এলপি গ্যাসের দাম কমাতে কর কমানোর সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ ফেব্রুয়ারি) : সরকার ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩৫৬ টাকা। বাস্তবে রাজধানীতে দ্বিগুণ দামেও মেলে না। এ নিয়ে হইচই পড়লে সরকার কিছুটা কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এলপি গ্যাসের ওপর কর কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি করা এলপি গ্যাসের ক্ষেত্রেও ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই করছাড়ের ফলে এলপি গ্যাসের ওপর করের বোঝা কিছুটা হলেও লাঘব হবে। এর ইতিবাচক প্রভাব সরাসরি স্থানীয় বাজারে পড়বে এবং সাধারণ ভোক্তারা আগের চেয়ে কম দামে এলপি গ্যাস কিনতে পারবেন।
মনোয়ারুল হক/
