বিলুপ্ত হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ অক্টোবর): পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় প্রশাসনিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমতা আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’। এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব বর্তেছে ‘স্কুল সার্ভিস কমিশন’ বা এসএসসির কাঁধে।
বুধবার ইটিভি ভারতের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনকে পুরোপুরি বাতিল করে সেটিকে সরাসরি এসএসসির সঙ্গে একীভূত (মার্জ) করা হয়েছে। ফলে এখন থেকে পৃথকভাবে মাদ্রাসার জন্য কোনো আলাদা পরীক্ষা বা আলাদা নিয়োগ বোর্ড থাকছে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিদ্যমান ব্যবস্থার অবসান ঘটিয়ে পুরো প্রক্রিয়াটি স্কুল সার্ভিস কমিশনের অধীনে নিয়ে আসা হয়েছে।
আইনি প্রক্রিয়া ও বিধানসভার ভূমিকা
প্রশাসনিক এই সিদ্ধান্তকে পূর্ণাঙ্গ আইনি বৈধতা দিতে রাজ্য সরকারকে আগামী বিধানসভায় নতুন বিল আনতে হবে। এর মাধ্যমে পুরোনো মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিল করার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আইনেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে, যাতে এসএসসি এই অতিরিক্ত শিক্ষক নিয়োগের আইনি দায়িত্ব নির্বিঘ্নে পরিচালনা করতে পারে। প্রশাসনিক মহলের খবর অনুযায়ী, খুব দ্রুতই আইনি জট কাটাতে এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এবং বিধানসভায় বিল পাস হওয়ার পরই নতুন এই নিয়ম পুরোপুরি কার্যকর হবে।
সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট
প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের আগে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য কোনো পৃথক বোর্ড বা নির্দিষ্ট কাঠামো ছিল না। পরবর্তীতে ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে আনুষ্ঠানিকভাবে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করে। এর ফলশ্রুতিতে ২০০৮ সালে গঠিত হয় ‘মাদ্রাসা সার্ভিস কমিশন আইন’, যার ভিত্তিতে এতদিন যাবত মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরিচালিত হয়ে আসছিল। তবে বর্তমান প্রশাসনের মূল ভাবনা হলো—নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা ও সমতা আনতে রাজ্যের সমস্ত শিক্ষক নিয়োগ একক কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা সংস্থার মাধ্যমেই সম্পন্ন করা।
মনোয়ারুল হক/
