রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ১ টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ অক্টোবর): মাত্র এক টাকার বিনিময়ে ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে অনন্য নজির স্থাপন করা গাইবান্ধার লুৎফুর রহমান পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন কীর্তিমান শিক্ষকের সঙ্গে তাকেও এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে সম্মাননাপ্রাপ্ত প্রতিটি শিক্ষককে একটি করে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সাল থেকে লুৎফুর রহমান অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। আর্থিক সংকটের কারণে যেসব শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো, তাদের দ্বারে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার ব্রত। নিজের একক প্রচেষ্টায় গড়া এই শিক্ষাসেবা তাকে গাইবান্ধা অঞ্চলে ‘এক টাকার শিক্ষক’ হিসেবে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।

কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষক না হয়েও দীর্ঘ সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন লুৎফুর রহমান। তার কাছে শিক্ষা গ্রহণ করে বহু প্রজন্ম আজ প্রতিষ্ঠিত। মাত্র এক টাকায় পাঠদানের এই মহতী উদ্যোগ কেবল নামমাত্র খরচে শিক্ষা দেওয়ার বিষয় নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত। বিশ্ব শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে তার সুদীর্ঘ শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়।

এবারের বিশ্ব শিক্ষক দিবসে দেশজুড়ে মোট ১০২ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় স্তরের পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল শিক্ষা এবং বিশেষ অবদান রাখা শিক্ষাব্রতীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।

অনুষ্ঠানে লুৎফুর রহমান ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে আরও দুজনকে সম্মাননা জানানো হয়। তারা হলেন— ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খান।

শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন অধিদপ্তর—যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক সার্চ কমিটি ও বিচারকদের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এই গুণী শিক্ষকদের নির্বাচন করা হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ