বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ অক্টোবর): বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ১০১ জন বিশিষ্ট শিক্ষককে বিশেষ সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিটি সম্মাননাপ্রাপ্ত শিক্ষকের হাতে দুই লাখ টাকা নগদ অর্থ ও একটি করে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষভাবে নির্বাচিত অতিরিক্ত ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য মনোনীত করা হয়। তবে তালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষকের বিরুদ্ধে পূর্বে বা বর্তমানে কোনো নেতিবাচক তথ্য কিংবা বিরূপ মন্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাতিলের বিধান রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে জমকালো এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এ বছর দেশের বিভিন্ন শিক্ষা স্তর ও খাতের শিক্ষকসমাজ এই সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিভাগগুলো হলো:
প্রাথমিক স্তর: মোট ১০ জন (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন)।
মাধ্যমিক স্তর: মোট ২০ জন (সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
কলেজ স্তর: মোট ২৫ জন (সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন)।
সাধারণ বিশ্ববিদ্যালয়: মোট ২০ জন (সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন)।
চিকিৎসা শিক্ষা: মোট ১০ জন (চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন)।
বিশেষায়িত উচ্চশিক্ষা: কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক।
বিশেষ কোটা: প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত আরও ৬ জন গুণী শিক্ষক।
মনোয়ারুল হক/
