নতুন যাত্রায় মিথিলা
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): সুপরিচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘকাল ধরে অভিনয়ের পাশাপাশি সফলভাবে একজন উন্নয়নকর্মী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত জীবনের পরিসরে এবার এক অনন্য অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় এই তারকা। আন্তর্জাতিক খ্যাতনামা উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই যুগের সুদীর্ঘ পথচলা শেষে তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে নিজের নতুন এই পেশাগত অধ্যায়ের খবর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগাভাগি করেছেন মিথিলা। সেখানে তিনি উল্লেখ করেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে তার নতুন কর্মজীবন শুরু হয়েছে।
নতুন এই দায়িত্বের অংশ হিসেবে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা তৈরি ও মূল্যায়নের মূল দায়িত্বে থাকবেন তিনি। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক অংশগ্রহণ এবং জনস্বাস্থ্য খাত নিয়ে এই উদ্যোগটি কাজ করবে।
জন্মলগ্ন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে সুস্থ বিকাশের উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। মিথিলার প্রত্যাশা, আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্uিত দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদার নিবিড় সমন্বয় ঘটাতে পারবেন তিনি। এছাড়া তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে প্রকল্পটির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
গবেষণার পাশাপাশি শিক্ষাদানের পেশায়ও পা রেখেছেন মিথিলা। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানে শিক্ষার্থীদের ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বা অলাভজনক ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান করছেন। এর মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ উন্নয়নকর্মী।
নতুন এই পথচলায় দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন মিথিলা। পেশাগত দক্ষতা অর্জনে সংস্থাটির অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, ব্র্যাকের সঙ্গে তার বিশ বছরের সম্পৃক্ততার মধ্যে দীর্ঘ পনেরো বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে কাজের সেই সমৃদ্ধ অভিজ্ঞতা তার বর্তমান পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে বলে তার বিশ্বাস।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক গবেষণা অবকাঠামো এবং বিশ্বমানের গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মিথিলা। নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি। এজন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনাও প্রার্থনা করেছেন এই তারকা।
অভিনয়শিল্পের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও নিজের স্বকীয় অবস্থান তৈরি করেছেন মিথিলা। আপাতত ক্যামেরার আলো ও বিনোদন জগত থেকে কিছুটা বিরতি নিয়ে জ্ঞানচর্চা, গবেষণা এবং সমাজকল্যাণমূলক কাজেই নিজের সমস্ত অভিজ্ঞতা নিবেদিত করার পরিকল্পনা রয়েছে তার।
মনোয়ারুল হক/
