জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। ওই মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, আঘাত করা, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃতভাবে অপমান করা এবং ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের তৈরি হয়। সেই সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত এক নিরাপত্তা কর্মকর্তা তাতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এই ঘটনার প্রেক্ষাপটে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ