লন্ডনে বিডিনিউজ সম্পাদক খালিদীর জীবনাবসান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ তার প্রয়াণের বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তৌফিক ইমরোজ খালিদী। গত বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) জনিত কারণে তার মৃত্যু হয়।
বাংলাদেশের সাংবাদিকতা জগতের অত্যন্ত পরিচিত ও প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিটোয়েন্টিফোর ডটকমে যুক্ত হওয়ার পূর্বে তিনি দেশের বিভিন্ন খ্যাতনামা ব্রডশিট সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম বিবিসি-তে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এছাড়া সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
প্রিন্ট, ব্রডকাস্ট এবং ডিজিটাল—গণমাধ্যমের এই তিনটি প্রধান মাধ্যমেই ছিল তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন এই প্রথিতযশা গণমাধ্যম ব্যক্তিত্ব।
মনোয়ারুল হক/
