মেসি-রোনালদো আবার মুখোমুখি
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): মাঠের লড়াইয়ের পর এবার মাঠের বাইরেও প্রতিদ্বন্দিতায় নামছেন ফুটবলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের দুটি আলাদা ক্লাবের মালিকানা কিনে নতুন এক সমীকরণের সামনে দাঁড়িয়েছেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এবার একই বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা কিনেছেন লিওনেল মেসিও। বেশ কিছুদিন ধরেই ক্লাবটির মালিকানা অধিগ্রহণ নিয়ে আলোচনা চলছিল, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে। ক্লাবটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাব কেনার ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে ১০০ বছরেরও বেশি পুরোনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’
এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলার মালিকানাও কিনেছিলেন মেসি। আর্জেন্টিনার মহাতারকার নতুন এই ক্লাবটি বর্তমানে দ্বিতীয় ডিভিশনের পয়েন্ট তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, ২২ দলের এই প্রতিযোগিতায় ৩ নম্বরে অবস্থান করছে রোনালদোর আলমেরিয়া। সমান ৭ ম্যাচ শেষে আলমেরিয়ার ঝুলিতে ১৫ পয়েন্ট থাকলেও এলদেনসের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।
আগামী ২০২৭ সালের ২ মে মাঠে গড়াতে যাচ্ছে এলদেনসে ও আলমেরিয়ার মধ্যকার ম্যাচ। ক্লাব দুটির মালিকানা অর্জনের পর এটিই হতে যাচ্ছে মেসি ও রোনালদোর প্রথম সরাসরি সাক্ষাৎ, যেখানে এলদেনেসের মাঠে অতিথি হিসেবে লড়বে আলমেরিয়া।
উল্লেখ্য, এর আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ লা লিগায় একে অপরের প্রতিপক্ষ হিসেবে খেলেছিলেন এই দুই কিংবদন্তি। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছিলেন মেসি, আর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছিলেন রোনালদো।
মনোয়ারুল হক/
