সাক্ষ্য দেওয়ার বিরোধে একই পরিবারের ৫ সদস্যের ওপর হামলা

সাতক্ষীরা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২ অক্টোবর): পূর্বশত্রুতা ও একটি মামলার সাক্ষ্য দেওয়া নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক ব্যক্তি ও তাঁর স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আনন্দ জুয়েলার্সের সামনে কালভার্টের মুখে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— মহাসিন আলী (৪০), তাঁর ভাই শাহিনুর রহমান, চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে অলিউল্লাহ। বর্তমানে তাঁরা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মহাসিন আলী বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ববিরোধের জের ধরে সজিব হোসেন, শামিম রেজা, শাহিন হোসেন, সাঈদ, হুমায়ুন হোসেন, দেলোয়ার হোসেন, তবিবুর রহমান ও ইসাহাকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মহাসিন আলীর ওপর চড়াও হন। এ সময় তাঁকে কুড়াল, লোহার রড, শাবল ও ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম এবং বাঁ হাতের আঙুলে হাড় ভাঙার আঘাত পায়।

মহাসিন আলী জানান, তাঁকে মারধরের সময় তাঁর ভাই শাহিনুর রহমান বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর একে একে চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে অলিউল্লাহ এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। হামলায় তাঁদের মাথা, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। মহাসিন আলীর ভাষ্যমতে, তাঁর ভাগ্নেকে মারধরের ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করলে অভিযুক্তরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ছাড়া ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে নিজেদের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিচ্ছেন। রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে তাঁরা এলাকায় প্রভাব বিস্তার করছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ