নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির কড়া নির্দেশ দিল লোয়াব
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ডিলার, অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি কিংবা অবৈধ মজুত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় এলপিজির বাজার পরিস্থিতি ও সরবরাহ নিয়ে ব্যাপক আলোচনা হয়। উক্ত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি লোয়াবের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বর্তমানে দেশের বাজারে এলপিজির সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রায় ১ লাখ ৫৬ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে। এর আগের মাস আগস্টে আমদানির পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। সংশ্লিষ্ট মহলের মতে, এই আমদানির পরিমাণ দেশের চাহিদার তুলনায় পুরোপুরি পর্যাপ্ত, তাই বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো অবকাশ নেই।
এমতাবস্থায় পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যদি কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করেন কিংবা নিয়মবহির্ভূতভাবে মজুত করেন, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জ্বালানিমন্ত্রী এলপিজি বাজার নিবিড়ভাবে মনিটরিং করার কড়া নির্দেশ দিয়েছেন। বাজারে অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট তৈরি বা মজুতদারি রোধে জেলা প্রশাসনকে আরও সক্রিয় নজরদারি চালানোর আহ্বান জানানো হয়েছে।
লোয়াব জানিয়েছে, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সংগঠনটি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে। একই সঙ্গে সকল সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
