বিমানবন্দরে বিশৃঙ্খলায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ অক্টোবর): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোড. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে এই মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
তাকে গ্রেপ্তার করা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। মামলা যেহেতু হয়েছে, তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) অতিরিক্ত যাত্রী চাপের কারণে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে কিছুটা বিলম্ব হলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করা শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে অতীতে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
মনোয়ারুল হক/
