ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ অক্টোবর): প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ ঢাকা ছেড়ে ফেনীর পরশুরামে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনী জেলায় এটিই তাঁর প্রথম সরকারি সফর। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনসহ বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়া।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আজ সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরের শুরুতেই, দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি পরশুরাম উপজেলার উপকণ্ঠ ও খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। এই প্রকল্পের মাধ্যমে ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী ধাপে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ, নদী খনন এবং সংস্কারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করার সম্ভাব্য মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। সেখানে দুপুর ১টা ৩০ মিনিটে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনে গিয়ে ওই স্থাপনার রফটপ (ছাদ-ভিত্তিক) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

জানানো হয়েছে যে, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সরকারি ভবনে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম রয়েছে।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক জনাকীর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত সম্মানিত ব্যক্তিদের আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ