চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান জোরদার

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩০ সেপ্টেম্বর): অপরাধী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন, বর্তমান সরকারকে ঢালাওভাবে দায়ী করা এবং রাজনৈতিকভাবে বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজ হিসেবে চিত্রিত করার অপচেষ্টার ফায়সালা করবে দেশের জনগণ।

পাশাপাশি, সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান সংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তা আরও জোরদার করা হবে। সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশের দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাটিকাটায় জমি দখলের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের গ্রেপ্তার করেছে।

অপরাধের সঙ্গে রাজনৈতিক সংযোগের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে নির্মোহ তদন্ত চলছে এবং অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে সৃষ্ট সংঘর্ষ ও পুলিশভ্যান ভাঙচুরের বিষয়ে মন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সঠিক যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার কারণেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। এ ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা সামনে এনে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা কোনোভাবেই ঠিক হবে না। সমাজ থেকে অপরাধ দূর করে জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণ ও বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অহেতুক সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে এবং বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দিতে যারা বক্তব্য দিচ্ছেন, তার সঠিক মূল্যায়ন ও বিচার করবেন জনগণ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আগের অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজার সরকারি ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ২ দিন করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন সম্প্রদায়ের আরও একটি দাবির পরিপ্রেক্ষিতে ছুটি আরও ১ দিন বাড়িয়ে মোট ৩ দিন নির্ধারণ করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সাধারণ মানুষ প্রায় ৫ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকায় উন্নীত করেছেন বলে জানান মন্ত্রী। সরকারের এসব পদক্ষেপে সনাতন ধর্মীয় নেতারা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশে বর্তমানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি মণ্ডপ বেড়ে এবার রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা রক্ষায় আধুনিক প্রযুক্তি ও নজরদারি বাড়ানো হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপসটি এবার পূজার নিরাপত্তায় কাজে লাগানো হবে এবং এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টা সক্রিয় মনিটরিং টিম কাজ করবে।

তিনি আরও নির্দেশ দেন যে, প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানা থেকে যাচাই-বাছাই (ভেরিফিকেশন) শেষে অফিশিয়াল আইডি কার্ড প্রদান করতে হবে। পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি এড়াতে ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইটের সুব্যবস্থা রাখতে বলা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ