ঢাকার ২ সিটিতে চূড়ান্ত প্রার্থীর দৌড়ে এগিয়ে যারা
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ নভেম্বর): রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় অভ্যন্তরীণ আলোচনা প্রায় শেষ বললেই চলে। নির্ভরযোগ্য দলীয় সূত্রের দাবি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বর্তমান প্রশাসক যথাক্রমে মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং আবদুস সালামকে মেয়র পদে চূড়ান্ত করার পথে রয়েছে দলটি। ইতিমধ্যে তাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বও অর্পণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নগর প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি দলীয় সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার দায়িত্ব দিয়ে তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দুই সিটির মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে উত্তরের ক্ষেত্রে তাবিথ আউয়াল ও এম এ কাইয়ুম এবং দক্ষিণের ক্ষেত্রে ইশরাক হোসেন ও হাবিব-উন-নবী খান সোহেলের নামও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা হয়। তবে সরকারের এই পদক্ষেপে দলের ভেতরই নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল। দলীয় একটি বড় অংশের যুক্ত ছিল যে, সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্বগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার স্বার্থে পরীক্ষিত, আস্থাভাজন ও অভিজ্ঞ ব্যক্তিদেরই দায়িত্ব অর্পণ করা প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকার দুই সিটির প্রশাসক নিয়োগ এবং মহানগর বিএনপির নেতৃত্ব পুনর্গঠনের পেছনের নেপথ্যেও ঠিক এই ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণই কাজ করেছে।
গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দুজনকে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে উত্তর সিটিতে দায়িত্ব পান মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটিতে দায়িত্ব পান আবদুস সালাম। প্রশাসক হিসেবে দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপাশি তাদের নিজ নিজ মহানগর বিএনপির নেতৃত্বেও যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই দ্বৈত দায়িত্ব প্রাপ্তির ফলে দুই সিটিতেই তাদের রাজনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি সুসংহত হয়েছে।
উত্তরের প্রশাসক মিল্টন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্বেও ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির দলীয় প্রার্থী হয়ে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের কাছে তিনি পরাজিত হন। এরপর তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে আনা হয়।
আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিল্টন মন্তব্য করেন, ‘নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যেই মাঠে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বর্তমানে অর্পিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বও সুষ্ঠুভাবে পালনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি কোনো আসনে প্রার্থী হননি। তবে ওই নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।
আবদুস সালাম এ প্রসঙ্গে জানান, ‘সিটি নির্বাচনে প্রার্থী নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার দলের। দল আমাকে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
বর্তমান প্রশাসক হিসেবে এই দুই নেতাই নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবৈধ দখল উচ্ছেদের মতো কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ফুটপাতগুলোকে দখলমুক্ত করার তাদের সাম্প্রতিক জোরালো উদ্যোগগুলো তাদের বেশ আলোচনায় নিয়ে এসেছে। দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, মাঠপর্যায়ের এসব ইতিবাচক কর্মকাণ্ড আসন্ন নির্বাচনে তাদের অনুকূলে বিশেষ সুবিধা বয়ে আনতে পারে।
ঢাকা উত্তর সিটিতে দলীয় মনোনয়ন দৌড়ে মিল্টনের পাশাপাশি জোরালোভাবে আলোচনায় রয়েছেন তাবিথ আউয়াল ও এম এ কাইয়ুম। ২০২০ সালের অনুষ্ঠিত সিটি নির্বাচনেও বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ। পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা, নগর রাজনীতিতে তার দীর্ঘ পরিচিতি এবং নিজস্ব ভোট ব্যাংক তার সবচেয়ে বড় শক্তির জায়গা। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তবে দলের ভেতরে কী ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, নীতিনির্ধারককমলকে তাও যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হচ্ছে।
অন্যদিকে, প্রশাসক হিসেবে মিল্টনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তাকে মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে নিয়ে আসার বিষয়টি তার রাজনৈতিক অবস্থানকে বেশ শক্তিশালী করেছে। পাশাপাশি, এম এ কাইয়ুমের রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে গভীর যোগাযোগ। ফলে উত্তরের এই মনোনয়ন প্রতিযোগিতায় এই তিন নেতার প্রত্যেকের অবস্থানই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপরদিকে দক্ষিণ সিটিতে আবদুস সালামের পাশাপাশি আলোচনায় রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
২০২০ সালের বিগত সিটি নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে ইশরাক হোসেন মোট ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট অর্জন করেছিলেন। তার প্রয়াত পিতা সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকার অত্যন্ত জনপ্রিয় মেয়র। সেই সুবাদে দক্ষিণের নগর রাজনীতিতে তার যেমন নিজস্ব পরিচিতি রয়েছে, তেমনি রয়েছে শক্তিশালী নির্বাচনি ভিত্তিও। তবে বর্তমান জাতীয় রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায়, তাকে পুনরায় সিটি নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে দলের ভেতর নানা আলোচনা চলছে। এছাড়া মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের চাঞ্চল্যকর ঘটনাটিও সামগ্রিক রাজনৈতিক সমীকরণে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, আবদুস সালামের রয়েছে সমৃদ্ধ নগর প্রশাসনের অভিজ্ঞতা ও বর্তমান প্রশাসনিক দায়িত্বের বাড়তি সুবিধা। আর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত সাংগঠনিক পরিচিতি এবং মহানগর দক্ষিণের রাজনীতিতে অত্যন্ত শক্ত যোগাযোগের নেটওয়ার্ক। ফলশ্রুতিতে, দক্ষিণ সিটিতেও মনোনয়ন চূড়ান্ত করার আগে দলের হাইকমান্ডকে একাধিক জটিল বিষয় গভীরভাবে বিবেচনা করতে হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বেশ কিছু আসনে জামায়াতে ইসলামীর অপ্রত্যাশিত সাফল্য বিএনপির জন্য নতুন এক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জামায়াতের প্রার্থীরা জয়লাভ করেছেন। এমনকি ঢাকা-১০ ও ঢাকা-১৬ আসনের মতো এলাকাতেও বিএনপি ও জামায়াত প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল অত্যন্ত কম।
এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও উত্তরে সেলিম উদ্দিন ও দক্ষিণে সাদিক কায়েমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে বিএনপিকে কেবল দলীয় জনপ্রিয়তার ওপর নির্ভর না করে, বরং প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, নিজস্ব ভোটভিত্তি, ওয়ার্ডভিত্তিক জোরালো যোগাযোগ এবং নাগরিক সমস্যা সমাধানে প্রার্থীর অতীতের ভূমিকা—এসব বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মতে, দীর্ঘদিন ধরে ঢাকার স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন, থানা ও ওয়ার্ড পর্যায়ে যাদের শক্ত যোগাযোগ রয়েছে এবং যারা নগরীর মৌলিক সমস্যাগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখেন—এমন একজন জনবান্ধব নেতাই দলের মেয়র পদপ্রার্থী হওয়া উচিত। কেন্দ্র থেকে যাকে যে নামেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সব মিলিয়ে, ঢাকা উত্তরে মিল্টন এবং দক্ষিণে আবদুস সালামের নাম ঘিরে দলীয় মনোনয়নের আলোচনা সবচেয়ে জোরালো হলেও তাবিথ, কাইয়ুম, ইশরাক ও সোহেলের সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ফলে বিএনপিকে দলীয় অভ্যন্তরীণ ঐক্য রক্ষা, নগরবাসীর কাছে গ্রহণযোগ্যতা অর্জন এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সামগ্রিক শক্তি নিখুঁতভাবে বিবেচনায় নিয়েই এগোতে হচ্ছে।
মনোয়ারুল হক/
