প্রাকৃতিক পরিবেশ রক্ষা করেও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব, জীবন্ত প্রমাণ চীন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৪ নভেম্বর): তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা মন্তব্য করেছেন যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কোনো দেশকেই তাদের প্রাকৃতিক পরিবেশ বিসর্জন দিতে হবে না—তার জীবন্ত প্রমাণ চীন।
সম্মেলনে অংশ নেওয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর উপ-মহাপরিচালক স্টুয়ার্ট ম্যাগিনিস উল্লেখ করেন, চীনের ‘ইকোলজিক্যাল সিভিলাইজেশন’ বা পরিবেশগত সভ্যতা রূপরেখা প্রমাণ করেছে যে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন একে অপরের পরিপূরক, প্রতিযোগী নয়। প্রাকৃতিক সম্পদকে উন্নয়নের মূল কেন্দ্রে রেখে বাস্তুতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারে দেশটির সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল চীনের এই সবুজ রূপান্তরকে ‘বিশ্বে বিরল’ বলে আখ্যায়িত করে জানান, এটি বিশ্বজুড়ে উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করছে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বৈদ্যুতিক যান (ইভি), নবায়নযোগ্য শক্তি এবং ব্যাটারি স্টোরেজ খাতে চীনের অভাবনীয় অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, দেশটি বিশ্ববাসীকে সঠিক পথ প্রদর্শন করছে।
মঙ্গলবার কপ-৩১-এর চীন প্যাভিলিয়নে ‘স্বচ্ছ জল ও সবুজ পাহাড় অমূল্য সম্পদ: সবুজ উন্নয়নে চীনের পথচলা’ শীর্ষক প্রতিবেদনের ইংরেজি সংস্করণ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানেই মূলত আন্তর্জাতিক বিশিষ্টজনেরা এসব মতামত ব্যক্ত করেন। প্রতিবেদনটিতে চীনের সবুজ রূপান্তরের রূপকল্প, বাস্তবায়ন কৌশল এবং বৈশ্বিক প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রি গ্রুপের জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক পরিচালক টেন্যান্ট রিড তার ব্যক্তিগত চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, দেশটির শহরের বায়ুর মানসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন এসেছে। শিল্প ও গৃহস্থালিতে সবুজ শক্তির ব্যবহার বাড়াতে সরকারি নীতি ও সমর্থন অত্যন্ত উৎসাহজনক।
রিডের মতে, চীনের এই অগ্রগতি কেবল তাদের নিজেদের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করছে না, বরং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমেও রাখছে বিশেষ অবদান। বর্তমানে চীন পরিবেশবান্ধব জ্বালানি ও কার্বনমুক্ত প্রযুক্তির প্রধান উৎসে পরিণত হওয়ায় অন্যান্য দেশও সহজেই তাদের কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হচ্ছে।
কপ-৩১ সম্মেলনের সভাপতি এবং অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, সবুজ জ্বালানি খাতে চীনের ধারাবাহিক বিনিয়োগ বিশ্ববাসীর জন্য সৌরবিদ্যুৎ ও ব্যাটারিকে আরও সহজলভ্য করে তুলেছে। এর ফলে শুধু চীন নিজে লাভবান হচ্ছে না, উপকৃত হচ্ছে গোটা বিশ্ব।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়া শহরে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই কপ-৩১ জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তির লক্ষ্য বাস্তবায়ন, বৈশ্বিক জলবায়ু কার্যক্রম জোরদার করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন। সূত্র: সিজিটিএন
মনোয়ারুল হক/
