সাংবাদিকদের সুরক্ষা ও মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): সরকার গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে চায় না বলে স্পষ্ট করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, পেশাদার সাংবাদিকতার প্রসার, গণমাধ্যমের গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
সভায় প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে ভুঁইফোঁড় পেজ ও অনলাইন পোর্টাল তৈরি করে গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যা সমাজে বিরূপ প্রভাব ফেলছে।
মূলধারার গণমাধ্যমের বাইরে কেবল একটি মুঠোফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত সাংবাদিক কারা—সে বিষয়ে একটি সুস্পষ্ট সংজ্ঞা ও গ্রহণযোগ্য মাপকাঠি নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, এ বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সহ দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সম্পাদকবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়েও বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা বিতরণসহ অন্যান্য নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ডের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানামুখী সংকট সমাধানে ডিআরইউর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ডিআরইউর সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা অব্যাহত থাকবে। সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনতে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আলোচনা চালানো হবে।
সভায় সূচনা বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের মূল দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা নিরসনে ডিআরইউ অতীতেও সরকারকে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবে। তিনি আশা প্রকাশ করেন, একটি গণমাধ্যমবান্ধব ও স্বাধীন পরিবেশ সৃষ্টিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তাদের সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে কর্মরত সাংবাদিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উক্ত মতবিনিময় সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
