সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার সময় ফের পেছালো
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়ানো হয়েছে। নির্ধারিত দিনে সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। আলোচিত এই মামলায় তার স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময়সীমা ঠিক করে দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মামলার তদন্ত চলাকালে অভিনেতা আশরাফুল হক ডনের গ্রেপ্তার বেশ আলোচনার জন্ম দেয়। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সিআইডি তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং গত ৯ সেপ্টেম্বর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলা হলেও শুরু থেকেই পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর অভিনেতার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে নতুন করে এই হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় সালমান শাহকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এতে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে এবং বর্তমানে মামলাটির তদন্তভার রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে।
মনোয়ারুল হক/
