ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম যাচাই-বাছাই শেষে প্রার্থীর মনোনয়নগুলো বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফল আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
মনোয়ারুল হক/
