বিএনপির প্রকৃত কর্মী চাঁদাবাজি করতে পারে না
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ সেপ্টেম্বর): বিএনপির কোনো প্রকৃত কর্মী দখলদারি, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। দলীয় পরিচয় ভাঙিয়ে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক সংগ্রাম ও দেশ পরিচালনায় যুক্ত রয়েছি, তারা বুকে হাত দিয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি—ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আমরা কখনো অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি বা দখলদারির মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, বিএনপির কোনো সাধারণ বা পদধারী কর্মী অপরাধমূলক কার্যকলাপে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ যদি অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘যে ব্যক্তি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, দেশের কল্যাণে কাজ করে এবং তারেক রহমানের প্রকৃত কর্মী হিসেবে পরিচিত, সে কখনো সন্ত্রাসী বা অপরাধী হতে পারে না।’
শ্রমজীবী মানুষের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘আমি নিজেই একজন শ্রমিক এবং দেশের দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী। কঠোর পরিশ্রম করে হালাল উপার্জনে অভ্যস্ত দেশের শ্রমজীবী মানুষ কখনো মানুষের কাছে হাত পাতেন না।’
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ প্রতিদিন যেসব পোশাক পরেন, যন্ত্রপাতি ব্যবহার করেন, লেখার কলম-কাগজ থেকে শুরু করে বসবাস করার ঘরবাড়ি এবং যাতায়াতের রাস্তাঘাট—সবকিছুর নেপথ্যেই রয়েছে শ্রমজীবী মানুষের অক্লান্ত শ্রম। তাই দেশের সামগ্রিক উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক সমাজের ভূমিকা অনন্য ও অপরিহার্য।
দেশের শান্তি ও অগ্রগতির ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যেকোনো রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা শ্রমজীবী মানুষ, শিল্পমালিক, কর্মস্থল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে ব্যাহত করে। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিটি নাগরিককে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, অতীতেও যখনই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই একটি নির্দিষ্ট অপশক্তি দলটির বিরুদ্ধে নানামুখী চক্রান্তে লিপ্ত হয়েছে। দেশের সাধারণ মানুষের শান্তি এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক সমাজকে সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সরকারকে তাদের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। বর্তমান সরকারের নির্ধারিত পাঁচ বছরের মেয়াদের তুলনায় এখনো খুব অল্প সময় অতিবাহিত হয়েছে, তাই এখনই তাড়াহুড়ো করে তাদের মূল্যায়ন করা সমীচীন নয়।
তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এক নতুন পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের শক্তির ওপর আস্থা রেখে এবং মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের উৎপাদনমুখী অর্থনীতি ও সমৃদ্ধির রাজনীতিতে শ্রমজীবী মানুষকে আরও সম্পৃক্ত ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মনোয়ারুল হক/
