আইনের লঙ্ঘন, বিশৃঙ্খলা সরকার কঠোর হাতে দমন করবে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ সেপ্টেম্বর): রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে তিনি স্পষ্ট ভাষায় জানান, যারা আইন লঙ্ঘন করবে কিংবা অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে মাহদী আমিন বলেন, ওই সময় আমরা সফরে ছিলাম। তবে যতদূর জানতে পেরেছি, মিরপুর-১ এর একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ইতোমধ্যে খুব দ্রুততার সঙ্গে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।
তিনি আরও উল্লেখ করেন, যদি কেউ সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা দলের কোনো নেতার নাম বা পরিচয় ভাঙিয়ে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে এবং যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও তদন্তের কাজ এগিয়ে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্তরা আইন দ্রুত কার্যকরের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপই গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।
উপদেষ্টা মাহদী আমিন আরও যোগ করেন, অতীতেও বিচ্ছিন্নভাবে কোথাও কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তা তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রে সবসময় আইনের শাসন যেন সর্বাগ্রে বজায় থাকে, তা নিশ্চিত করা হবে। যেকোনো দুষ্কৃতিকারী যদি আইনশৃঙ্খলা ভঙ্গ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালায়, তবে সরকার তা শক্ত হাতে দমন করতে পিছপা হবে না।
মনোয়ারুল হক/
