ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করল ৩ প্রতিবেশী দেশ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ সেপ্টেম্বর): ইরানের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরে ওয়াশিংটনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতির মাধ্যমে বেসেন্ট জানান, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচি চালুর পর থেকে ইরানের বিরুদ্ধে জোরালো ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের এই কূটনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টার সুফল এখন দৃশ্যমান। এর অংশ হিসেবে তুরস্ক ও ওমান তাদের আকাশসীমায় ‘মাহান এয়ার’-এর সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইরানের সমস্ত এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউএই ও তুরস্কের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে যাবতীয় আর্থিক লেনদেন পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে।’

তেহরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সতর্ক করে স্কট বেসেন্ট বলেন, ‘যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং ইউএই সরকারের দায়িত্বশীল ভূমিকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তেহরান যেন তাদের কোনো ধরনের ধ্বংসাত্মক ও সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ না পায়, সে লক্ষ্যে আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা আগামীতেও চলমান থাকবে।’ সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ