রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: ৯ জন গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ সেপ্টেম্বর): রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনকারী দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার পর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদমাধ্যমকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক দাপ্তরিক আদেশে শাহ আলী থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে (ক্লোজড) সংযুক্ত করা হয়েছে। নির্দেশনায় অবিলম্বে এটি কার্যকরের কথা বলা হয়।

এর আগে শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সে সময় তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন, এই ঘটনায় পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অপরাধী যে দলের বা মতেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি, রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা প্রতিরোধ করা পুলিশেরই মূল দায়িত্ব ছিল বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা প্রায় ২০০ থেকে ২৫০ জন সশস্ত্র দুর্বৃত্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে আকস্মিক হানা দেয়। হামলাকারীরা প্রথমে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করে এবং পরে প্রতিষ্ঠানটির একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাঙা স্থাপনার ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের অতি গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন লুট করে নিয়ে যায়। এ ছাড়া একটি জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সামগ্রী, কম্পিউটার ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ আসবাবপত্র লুট করা হয়। সব মিলিয়ে শুধু মালামাল ও যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে দেড় কোটি টাকা।

এই ন্যাক্কারজনক ঘটনার পর মূল কার্যালয় হারিয়েও দমে যাননি স্বাস্থ্যকর্মীরা। খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়েই প্রসূতি নারী ও শিশুদের নিয়মিত টিকা এবং জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম কোনো রকমে চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ ঘটনায় ডা. নাসরিন বাদী হয়ে শাহ আলী থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাথে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের নিয়মিত টিকাদান সেবা প্রদান করে আসছে এই ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ