আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমানো হবে

মেহেরপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৪ সেপ্টেম্বর): মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা খুব দ্রুত নিরসন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেলে দেশের বাজারেও তা সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এসব কথা জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ মূলত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরশীল এবং দেশে নিজস্ব উৎপাদন নেই। যে অঞ্চলগুলো থেকে বাংলাদেশ তেল সংগ্রহ করে, সেখানে বর্তমানে সংঘাতময় পরিস্থিতি চলছে। এর নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে পড়েছে, যার ফলে অনেক রাষ্ট্রে তেলের মূল্য ঊর্ধ্বমুখী।

তিনি আরও ব্যাখ্যা করেন, বৈদেশিক মুদ্রার মাধ্যমে বিদেশ থেকে জ্বালানি আনতে হয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ সার্বিক আমদানি খরচও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে তেলের মূল্য অপরিবর্তিত রাখা সরকারের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়েছিল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুরু প্রায় ছয় মাস পরিস্থিতি নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়েছে প্রশাসন। তবে কোনো বিকল্প পথ না থাকায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। তারপরও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে সরকার আশাবাদী। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত এর সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, এলাকার উন্নয়নের নানা সম্ভাবনা এবং বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে আলোচনা করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ