স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নারীদের নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ সেপ্টেম্বর): স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনে নারীর নেতৃত্ব এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই জোরালো আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন বেগবান করা এবং জবাবদিহিতা সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্মরণ করিয়ে দেন যে, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য রাষ্ট্র হিসেবে রেজুলেশন ১৩২৫-এর পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিল বাংলাদেশ। এ সময় তিনি যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অর্থবহ ও কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে দেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
শান্তি প্রক্রিয়া আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডা অন্তর্ভুক্ত করা এবং নারীর বিরুদ্ধে সংঘটিত সব ধরনের সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা।
শামা ওবায়েদ আরও জানান, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ বর্তমানে এগিয়ে চলেছে। এছাড়া, নারীদের ওপর ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সহিংসতা রোধে বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত ‘ঢাকা ডায়ালগ’-এর উদ্যোগের কথা তিনি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেন।
বক্তব্যের শেষে তিনি আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যুক্ত হওয়ার জন্য বিভিন্ন সদস্য রাষ্ট্রকে আন্তরিক আমন্ত্রণ জানান।
মনোয়ারুল হক/
