গাজায় নেতানিয়াহুর গণহত্যা কর্মকান্ডে স্পেনের তীব্র নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ সেপ্টেম্বর): গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই জোরালো অবস্থান তুলে ধরেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভাষণের শুরুতেই সানচেজ বৈশ্বিক সংঘাতে স্পেনের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, বিগত আট বছর ধরে ইউক্রেন, লেবানন কিংবা ইরান—বিশ্বের যেখানেই আগ্রাসী যুদ্ধ সংঘটিত হয়েছে, স্পেন তার প্রতিবারই তীব্র বিরোধিতা করেছে।
তিনি আরও জানান, সামরিক বাজেট বা ব্যয় বৃদ্ধির পরিবর্তে জাতিসংঘ সনদের নিয়ম লঙ্ঘনকারী যেকোনো আগ্রাসন প্রতিহত করতে স্পেন সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।
স্পেন সরকারের নেওয়া সুনির্দিষ্ট কিছু কূটনৈতিক পদক্ষেপের উদাহরণ দিয়ে সানচেজ উল্লেখ করেন যে, তাঁর দেশ রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো ধরনের আগ্রাসী কার্যক্রমে স্পেনের নিজস্ব ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।
বিশেষ করে গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্পেনের প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, ‘গাজায় নেতানিয়াহু যে গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন তার দ্ব্যর্থহীন নিন্দা জানায়।’
এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে বৈশ্বিক সংস্থাগুলোর কাঠামোগত সংস্কারের ওপর বিশেষ জোর দেন পেদ্রো সানচেজ। তাঁর পুরো বক্তব্যে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা এবং বহুপক্ষীয় বিশ্বব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা বারবার উঠে এসেছে। সূত্র: আলজাজিরা
মনোয়ারুল হক/
