চাপের মুখে মাথা নত করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ সেপ্টেম্বর): কূটনীতির পথ উন্মুক্ত রাখার কথা বললেও কোনো ধরনের চাপের সামনে ইরান কখনোই মাথা নত করবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এ সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানকে কখনোই আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্বনেতারা এখন বুঝতে পেরেছেন যে ইরানকে নমানো যায় না। তিনি উল্লেখ করেন, তেহরান কখনোই আগ্রাসী নীতি গ্রহণ করেনি, কোনো যুদ্ধের সূচনা করেনি এবং সব সময়ই আলোচনার টেবিলে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না কিংবা হাঁটু গেড়ে বসব না।’
বক্তব্যের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের জাতিসংঘ ভাষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন পেজেশকিয়ান। ট্রাম্প এর আগে ইরানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছিলেন। এর কঠোর জবাব দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘বরং আমরাই দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের প্রধান শিকার হয়ে আসছি।’
জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন। একই সঙ্গে ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং কোনো ধরনের সমঝোতা না হলে এই ইসলামিক প্রজাতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।
ভাষণের শুরুতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি প্রদর্শন করেন পেজেশকিয়ান। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর প্রথম দিনেই তেহরানে তাঁর নিজস্ব কম্পাউন্ডে বিমান হামলায় তিনি নিহত হন। এরপর পেজেশকিয়ান হামলায় প্রাণ হারানো বেশ কিছু শিশুর ছবিও উপস্থিত বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ পরিচালিত একটি অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে জানানো হয়েছিল, একটি স্কুল ও ক্রীড়া কমপ্লেক্সে চালানো বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার ‘যৌক্ত্রিক ভিত্তি’ রয়েছে এবং এসব মর্মান্তিক হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
দেশের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে, তেহরানের লক্ষ্য কেবল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা, কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করা নয়। তাঁর মতে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি অর্জন ইরানের সার্বিক অগ্রগতির একটি অপরিহার্য অংশ।
উল্লেখ্য, ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। তবে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের বরাবরই সন্দেহ রয়েছে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে।
মনোয়ারুল হক/

