প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে এই শীর্ষ বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে অংশীদারত্ব জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সহকারী প্রেস সচিব আরও জানান, দুই দেশের শীর্ষ নেতা অর্থনৈতিক অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ প্রসার, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এ ছাড়াও জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক বিভিন্ন অভিন্ন ইস্যুতে সুসমন্বয় বজায় রাখার বিষয়ে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মনোয়ারুল হক/
