দেশে মেটার অফিস চালুর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): বাংলাদেশে মেটার একটি অফিশিয়াল শাখা বা কার্যালয় খোলার জন্য টেক জায়ান্ট মেটা করপোরেশনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ স্থানীয় সময় নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এই প্রস্তাব উত্থাপন করেন।
বৈঠকে বাংলাদেশে মেটা প্ল্যাটফর্মের বিশাল ব্যবহারকারী সমাজের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় মেটার বিভিন্ন প্রযুক্তি ও ডিজিটাল সেবা কীভাবে দেশের উদীয়মান ই-কমার্স খাত, তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) আরও গতিশীল করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি, অনলাইন বুলিং, হয়রানি ও ডিজিটাল অপরাধ রোধে মেটাকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। এছাড়া বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত নতুন সাইবার নিরাপত্তা আইন নিয়ে জোয়েল কাপলানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উক্ত দ্বিপক্ষীয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
মনোয়ারুল হক/
