মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনে এই বৈঠকটি আয়োজিত হয়।
বৈঠকে অংশ নেওয়া বিশ্বখ্যাত জনহিতকর ও মানবিক সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনাল। প্রধানমন্ত্রীর বর্তমান নিউইয়র্ক সফরের সূচিতে এই প্রাতরাশ বৈঠকটিকে অন্যতম প্রধান কৌশলগত কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চলমান ইউএনজিএ অধিবেশনের প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট নিরসন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং অর্থনৈতিক অংশীদারিত্বের মতো জটিল ও সম্ভাবনাময় বিষয়গুলোতে বাংলাদেশের বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
বিশেষ করে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম পরিচালনায় গতি আনাসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও দৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক পরিমণ্ডলে দাতব্য সহযোগিতার পরিসর সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশের কল্যাণে কার্যকর ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ও আন্তর্জাতিক জনহিতকর সংস্থাগুলোর এই যৌথ অংশীদারিত্ব দেশের সার্বিক অগ্রগতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রসার, সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা অর্জন এবং বিভিন্ন মানবিক সংকট মোকাবিলায় এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন দিগন্তে অংশীদারিত্ব গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে।
প্রাতরাশ বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে যোগদানের কথা রয়েছে। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান : দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক এই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
এছাড়াও, চলতি দিনে প্রধানমন্ত্রীর ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক আরও একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে প্রথবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফরে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন, বৈশ্বিক অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।
মনোয়ারুল হক/
