দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট চক্র কলকাঠি নাড়ছে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): দেশকে অস্থিতিশীল করে তুলতে পলাতক ফ্যাসিস্ট চক্র এখনো ভারত থেকে বিভিন্নভাবে কলকাঠি নাড়ছে বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

‘দেশে পরিকল্পিত সন্ত্রাস এবং অগ্নিসংযোগ’-এর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জিলানী।

রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, ‘পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশ থেকে ষড়যন্ত্রের জাল বুনে দেশকে অস্থিতিশীল করতে চাইছে; ঠিক সেই মুহূর্তে কিছু গুপ্ত ও সুপ্ত উপাদান তাদের মদদ দিয়ে যাচ্ছে। তবে এদেশের বীর জনতা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে সত্য ও ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় যেকোনো চক্রান্তকে পদদলিত করেছে এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যের আলো ছড়িয়ে দিয়েছে। এই বাংলাদেশ হলো সত্য, বীরত্ব ও ঐতিহ্যের বাংলাদেশ। এখানে মিথ্যার জাল বুনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

দেশে পরিকল্পিত নাশকতা, সন্ত্রাস ও অগ্নিসংযোগকারীদের কঠোর ভাষায় সতর্ক করে বিএনপির এই শীর্ষ নেতা জানান, এই রাজপথ অন্য কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক রাখা হয়নি এবং কেউ তা কিনেও নেয়নি। এই রাজপথ এদেশের সাধারণ মেহনতি মানুষের। অন্যায়, অবিচার, অত্যাচার এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার রয়েছে এবং দলটির মূল ভিত্তি হলো জনগণ।

এ সময় মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে যারা সুপরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে অত্যন্ত সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে রিজভী বলেন, বর্তমানে পুরো বিশ্বজুড়েই জ্বালানি ও গ্যাসের সংকট চলছে। পৃথিবীর অনেক রাষ্ট্রে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে—এমনকি কিউবায় টানা ১০-১৫ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালির মাধ্যমেও তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ দেশের বিরোধীদলের কিছু নেতা বাস্তব পরিস্থিতি না বুঝেই সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সীমিত ও সাশ্রয়ী মাত্র ৩৫ জনের একটি বহর নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশের বিপুল অর্থ সাশ্রয় করেছেন। এর বিপরীতে বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ১৫০ থেকে ২০০ জনের বিশাল বহর নিয়ে প্রমোদভ্রমণে যেতেন এবং নিউইয়র্ক থেকে লন্ডন ও ফিনল্যান্ডে আত্মীয়স্বজনের সাথে দেখা করার পাশাপাশি মূলত পাচার করা অর্থের খোঁজ নিতে ভ্রমণ করতেন। বর্তমান সরকার যেকোনো সংকট মোকাবিলায় অত্যন্ত আন্তরিক এবং দেশের অর্থনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে সচেষ্ট রয়েছে।

রিজভী উল্লেখ করেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ইতিমধ্যে জানিয়েছে যে বর্তমান প্রশাসনের কার্যকর পদক্ষেপের কারণেই দেশের অর্থনীতি এখন উন্নতির দিকে ঘুরে দাঁড়াচ্ছে। অথচ একটি বিশেষ মহল জনগণের কষ্টকে পুঁজি করে বিলাসবহুল জীবনযাপন ও অতিরিক্ত গাড়ির বহর নিয়ে শোডাউন করে অর্থের অপচয় করছে।

সমাবেশ শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আযাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, এবং কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ ও শেখ ফরিদসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ