জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন গান দিয়ে ভাইরাল হওয়া বিউটি
সিলেট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৩ সেপ্টেম্বর): মৃদু হাওয়া। সেই বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে আলতো পায়ে হেঁটে চলা এক নারী—আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে জনপ্রিয় ব্যান্ড সংগীত ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। সম্প্রতি এই গানের তালে হাঁটার একটি ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার অর্জন করলেন জেলা শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা অফিসিয়াল স্মারকপত্রের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকগণের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এ বছর মোট চারজনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিউটি রাণী পালের পাশাপাশি জেলার শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পাওয়া অন্য তিন শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।
এর আগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল মূলত একটি ভিডিওর কল্যালেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। গত ২৩ জুলাই তিনি ফেসবুকে স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও শেয়ার করেন। নীল রঙের শাড়িতে আঁচল ওড়ানোর সেই দৃশ্যে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি যুক্ত করায় তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলের ঝড় ওঠে।
নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া শুরু হয়। এক পক্ষ ভিডিওটিতে আপত্তিকর ভঙ্গি ও অশ্লীলতার অভিযোগ তুললেও সচেতন নাগরিক সমাজ, দেশের শিক্ষক সমাজ, সাংবাদিক ও লেখকরা ওই শিক্ষিকার পাশে শক্ত অবস্থান নেন।
এর প্রতিবাদে ওই গানটিকেই এক ধরণের প্রতীকী প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেন দেশের বিভিন্ন পেশার সাধারণ মানুষ। পরবর্তীতে দেশবাসী, পরিবার এবং সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন প্রধান শিক্ষক বিউটি রাণী পাল।
মনোয়ারুল হক/
